সাঁথিয়ায় মাকে মারধরের ঘটনায় ছেলে ও পুত্রবধুসহ ৫জন আটক

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধু মিলে মা কাঞ্চন খাতুন (৭৫)কে বেদম মারধর করেছে। মারধর ও নির্যাতনের ভিডিও মুহূর্তে ফেসবুকে ভাইরাল হওয়ায় ছেলে ও পুত্রবধুসহ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাঁথিয়া থানা পুলিশ ও সেনাক্যাম্পের যৌথ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩০আগস্ট)বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে। আটককৃতরা হলেন-কাঞ্চন খাতুনের ছেলে নজরুল ইসলাম (৪৫) পুত্রবধু সোনালী খাতুন(৪০) ছেলের শ্যালোক মনিরুজ্জামান (৪২),শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় কাঞ্চন খাতুনের ছোট মেয়ে আম্বিয়া খাতুন বাদি হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন। নিজের মাকে নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না জানান, বৃদ্ধ মাকে মারধরের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলে এ সময় স্থানীয়রা সমস্যার সৃষ্টি করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম উপস্থিত হয়। সেনা বাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের প্রথমে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে আম্বিয়া খাতুন বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার মায়ের নামে কে যেন মিথ্যা অপবাদ দিয়ে ভাবির কাছে বলেছেন মা নাকি তাকে গালমন্দ করেছেন। সে কথা শুনেই ভাবি সরাসরি মাকে মাটিতে ফেলে বেদম মারধর করে। পরে আমার ভাই এসেও মাকে মারধর করে। মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি মায়ের নির্যাতনের বিচার চাই।
ভাইরাল হওয়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, প্রথমে বৃদ্ধ শ্বাশুরি কাঞ্চন খাতুনকে (৭৫) তার পুত্রবধু সোনালী মাটিতে ফেলে মারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম তার মাকে গলাটিপে ধরছে। এক পর্যায় ছেলে মাকে উঁচু করে তুলে মাটিতে ফেলে দিচ্ছে। বৃদ্ধ মা চিৎকার করে কান্না করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠতে থাকে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বৃদ্ধ মাকে মারপিটের ঘটনায় ছেলে ও তার পুত্রবধুসহ ৫জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩১আগস্ট) আটককৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।