ঈশ্বরদীতে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কে প্রাণ গেল নারীর
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
চিকিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরপরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ফাতেমা খাতুন (৫৪) নামের এক নারীর। শুক্রবার (২৯ আগস্ট) পাবনার ঈশ^রদীর মুলাডুলি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী।
আহতরা হলেন মোছা. শান্তা খাতুন (৩৩), মোছা. নুপুর খাতুন (১৮) ও মোছা. রুমানা ইয়াসমিন। আহত সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার ফাতেমা খাতুন তার স্বজনদের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দাশুড়িয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় মুলাডুলি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি মুলাডুলি কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা খাতুনের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার জানান, নিহত ফাতেমার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।