রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জমি নিয়ে বিরোধ : ঈশ্বরদীতে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন
WP Import ২৬ আগস্ট ২০২৫ ০৯:৪৪ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে বিবাদমান দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে জমি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ করেছেন। ঈশ্বরদী বাজারের ঔষধ ব্যবসায়ী ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য মো. রবিউল আওয়াল সজিব প্রামানিক এবং শহরের পাতিলাখালি এলাকার কৃষক কামরুজ্জামান সিরাজ পাল্টাপাল্টি এই সংবাদ সম্মেলন করেন।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল আওয়াল সজিব প্রামানিক অভিযোগ করে বলেন, কামরুজ্জামান সিরাজ আমাদের পরিবারের জমি দখল নেওয়ার কুট কৌশল হিসেবে আমাকেসহ মোস্তফা নূরে আলম শ্যামল, রাজিব প্রাং, সেলিম প্রাং, রেনুয়ারা, আতিয়ার রহমান দুখু, লিখন প্রাং, রুবেল প্রাং, আলম প্রাং, জিন্না প্রাং প্রমুখের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে অপপ্রচার চালাচ্ছেন। তিনি কামরুজ্জামান সিরাজ গং ও তার সহযোগী মো. মুস্তাক, লড়ি শেখ, মো. ওয়াসিম, বিল্লাল, সেন্টু, বাদশাসহ তাদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অপরদিকে ঈশ্বরদীর পাতিলাখালি এলাকার কৃষক কামরুজ্জামান সিরাজ তার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমরা কৃষক মানুষ, কৃষি কাজ করেই পরিবার চালাই। ৪০ বছর ধরে যে জমিতে আমরা চাষাবাদ করছি, সেই জমি রবিউল আওয়াল সজিব প্রামানিকসহ তার লোকজন জবরদখলের চেষ্টা করছেন, এমনকি আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা চার ভাই ৪০ বছর ধরে ঈশ্বরদীর ভূতেরগাড়ী মোড়, পাতিলাখালী ওয়াপদা ও বস্তিপাড়া সংলগ্ন এলাকায় দলিল রেজিস্ট্রির মাধ্যমে বৈধভাবে জমি ক্রয়ের পর থেকে খাজনা দিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব জমি জবরদখলের চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান সিরাজ তাঁর পরিবারের নিরাপত্তা, জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।