রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল ১ ঘণ্টা বিলম্বে গেল ৩ ট্রেন

WP Import ২৫ আগস্ট ২০২৫ ০২:১৫ অপরাহ্ন
WP Import ২৫ আগস্ট ২০২৫ ০২:১৫ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে চলন্ত পথে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্থানে থামিয়ে রেখে ১ ঘন্টা করে বিলম্বে ছেড়ে গেছে স্ব স্ব গন্তব্যে। গতকাল সোমবার ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। ট্রেনের সিনিয়র টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু জানান, খুলনা থেকে চিলাহাটি এর মধ্যে চলাচলরত আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রেল স্টেশনের অদূরে বাঘইল এলাকায় এলে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ট্রেনটি রেললাইনে থেমে থাকার কারণে ওই ট্রেনসহ খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ও গোপালগঞ্জের গোবরা থেকে ঈশ্বরদী হয়ে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন দুটিও পথিমধ্যে থামিয়ে রাখা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় সূত্র জানায়, ১ ঘণ্টা পর ঈশ্বরদী লোকোমেটিভ শেড থেকে অন্য একটি ইঞ্জিন এনে রূপসা এক্সপ্রেস ট্রেনকে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে উদ্ধার করে আনার পর রেলপথে থামিয়ে রাখা অন্য ট্রেন দুটি ঢাকা ও রাজশাহীর উদ্দেশ্যে ১ ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

ইঞ্জিন বিকল হওয়ায় রূপসা এক্সপ্রেস ট্রেন দেড় ঘণ্টা দেরিতে ঈশ্বরদী থেকে ছাড়ে। পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মোছা. হাসিনা খাতুন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইঞ্জিন বিকল হওয়ায় মাঝপথে ৩টি ট্রেন থামিয়ে রাখার পর ১ থেকে দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে ট্রেনগুলি।