ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৩৬০ কৃষক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার প্রদান করা হয়েছে। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ধীমান তানভীর সাক্ষর, উপসহকারী কৃষি অফিসার জাহিদ হাসান হিরোক।
কৃষি অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৩৬০ জন প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ১৫ কেজি করে সার বিনামূল্যে প্রদান করা হয়।