বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে! বিতর্কের মাঝে কেকেআর’কে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই
বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআই’কে জানিয়েছেন যে, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে।
ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলিরও। এই নিয়ে তীব্র বিতর্ক চলছে। ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ। নাইট মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’, ‘বেইমান’ বলা হচ্ছে।
বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, বিষয়টা বোর্ডের হাতে নেই। কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না, সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনও নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই।
এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বোর্ড। দেবজিৎ সইকিয়া স্পষ্ট বলেছেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে বোর্ড সেটার অনুমতি দেবে।”
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন