মানের দুর্দান্ত গোলে সালাহদের বিদায় করে ফাইনালে সেনেগাল
বল দখল, আক্রমণ, গোলে ও লক্ষ্যে শট- সবকিছুতে আধিপত্য করল সেনেগাল। শেষ হাসিও হাসল তারাই। মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে উঠল সেনেগাল।
মরক্কোয় চলমান আসরের প্রথম সেমি-ফাইনালে বুধবার সেনেগাল জিতেছে ১-০ গোলে। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন দলটির তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে জায়গা করে নিল ২০২১ সালে নিজেদের একমাত্র শিরোপা জেতা সেনেগাল। সেবার ফাইনালে মিশরকে টাইব্রেকারে হারিয়েছিল তারা।
এবার শেষ আটে গতবারের শিরোপা জয়ী কোত দি ভোয়াকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল প্রতিযোগিতাটির রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশর। মোহামেদ সালাহ, ওমার মার্মাউশদের পথচলা থেমে গেল এখানেই।
ম্যাচে প্রায় ৬৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে সেনেগাল। মিশরের ৩ শটের কেবল একটি লক্ষ্যে ছিল, সেটিও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮তম মিনিটে আসে সেনেগালের কাঙ্ক্ষিত গোলের মুহূর্ত। দলটির লামিনে কামারার শট বক্সের বাইরে মিশরের এক ডিফেন্ডার আটকে দেওয়ার পর বল পেয়ে যান মানে। প্রায় ২০ গজ দূর থেকে জোরাল নিচু শটে ঠিকানা খুঁজে নেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে মার্মাউশের শট ঠেকিয়ে সেনেগালের জয় নিশ্চিত করেন গোলরক্ষক।
দ্বিতীয় সেমি-ফাইনালে স্বাগতিক মরক্কো ও নাইজেরিয়ার মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে সেনেগাল।
তথ্যসূত্র: বিডিনিউজ