আরইউজে’র উদ্যোগে মিডিয়া কাপ উদ্বোধন
উৎসবমুখর পরিবেশ ও উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে নগরীর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স পুরো টুর্নামেন্টের উত্তাপ ছড়িয়ে দেয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টেলিভিশন ক্যাপিটালস ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টেলিভিশন ক্যাপিটালস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। নির্ধারিত ১০ ওভারে দলটি সংগ্রহ করে ১২৩ রান। ধারাবাহিক রান সংগ্রহ ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা।
লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ সংবাদ সংস্থা চেষ্টা চালালেও টেলিভিশন ক্যাপিটালসের নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ের সামনে তারা নির্ধারিত ওভারে ৯৫ রানেই থেমে যায়। ফলে ২৮ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করে টেলিভিশন ক্যাপিটালস। জয়ের পর খেলোয়াড়দের উচ্ছ্বাস ও করতালিতে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দঘন পরিবেশ।
এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজকে আরও সম্পৃক্ত ও উদ্দীপিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। তিনি বলেন, মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি সৌহার্দ্য, বন্ধন ও সুস্থ প্রতিযোগিতার একটি মিলনমেলা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ নগরীর জ্যেষ্ঠ সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করছে। নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত প্রথম দিনের ম্যাচগুলোতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই ও নাটকীয়তা। প্রথম দিনের খেলা শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। দলগুলো হলো—টেলিভিশন ক্যাপিটালস, বেতার ওয়ারিয়র্স, ফটোগ্রাফি স্ট্রাইকারস ও ডিজিটাল লায়ন।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনাল ম্যাচে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে টেলিভিশন ক্যাপিটালস ও ফটোগ্রাফি স্ট্রাইকারস। অপরদিকে, দ্বিতীয় সেমিফাইনালে একই দিন মুখোমুখি হবে বেতার ওয়ারিয়র্স ও ডিজিটাল লায়ন দল। দুটি সেমিফাইনাল ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
সেমিফাইনালে বিজয়ী দুই দল বিকেলে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামবে বহুল প্রতীক্ষিত ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট রাজশাহীর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়াচর্চা আরও জোরদার করবে এবং সাংবাদিক সমাজের জন্য এটি হয়ে উঠবে একটি স্মরণীয় আয়োজন।