ব্যাটিং ধসে ভারতের কাছে বাংলাদেশের যুবাদের হার
আশায় জাগিয়েও ব্যাটিং বিপর্যয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। বি গ্রুপে বৃষ্টি আইনে ১৮ রানে হেরেছে আজিজুল হাকিমের দল।
শনিবার বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে একপর্যায়ে জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত ৪০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে যুবারা।
বৃষ্টির কারণে ২৯ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রান। সেই লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান তুলে ভালো অবস্থানেই ছিল। এরপর শুরু হয় ধস। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৫১ রান করেন। দ্বিতীয় উইকেটে রিফাত বেগের (৩৭) সঙ্গে তার ৫৬ রানের জুটি বাংলাদেশকে শক্ত ভিত দিয়েছিল। কিন্তু বৃষ্টি বিরতির পর অফস্পিনার বিহান মালহোত্রার তোপে ভেঙে পড়ে ইনিংস। মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তিনি। নিচের সারির ব্যাটাররা তেমন কোনও প্রতিরোধ গড়তে পারেননি।
এর আগে ভারত টস হেরে ৪৮.৪ ওভারে তোলে ২৩৮ রান। অভিজ্ঞান কুন্ডুর ৮০ ও বৈভব সূর্যবংশীর ৭২ রানের ইনিংসে ভর করে এই সংগ্রহ পায় তারা।
বাংলাদেশের হয়ে বল হাতে আলো ছড়ান আল ফাহাদ। পাঁচ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি। তাছাড়া দুটি করে নেন ইকবাল হোসেন ও আজিজুল হাকিম।
শুরুতে অবশ্য টসের সময় দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে ম্যাচের পর দলের সবাইকে করমর্দন করতে দেখা গেছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন