শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

৯ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে বসেছিল মানুষ!

সোনার দেশ ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
৯ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে বসেছিল মানুষ!
ছবি: এআই সহায়তায় প্রণীত।

আজ থেকে প্রায় ৯ লক্ষ বছর আগের কথা। আধুনিক মানুষের আবির্ভাব তখনও হয়নি। তবে অন্য মানব প্রজাতির আবির্ভাব তত দিনে হয়ে গিয়েছিল। এমন একটি সময়ে আচমকা পৃথিবী থেকে বিলুপ্ত হতে বসেছিল মানুষ। এমনটাই দাবি করা হচ্ছে এক জেনেটিক গবেষণায়।

এখন পৃথিবীতে মোট জনসংখ্যা ৮২০-৮৩০ কোটির আশপাশে। তার মধ্যে শুধু ভারতেই ১৪০ কোটি। কিন্তু এমন একটি সময় ছিল, যখন পৃথিবীতে মানুষের জনসংখ্যা এক মারাত্মক সঙ্কটের মুখে পড়ছিল। বংশবিস্তারে সক্ষম জনসংখ্যা এসেছিল মাত্র এক হাজারের কিছু বেশিতে। তা-ও ১০০ বছর বা ১০০০ বছরের জন্য নয়, এক লক্ষ বছরেরও বেশি সময় ধরে এই সঙ্কটময় পরিস্থিতি ছিল। গবেষকদের এই দাবি যদি নির্ভুল প্রমাণিত হয়, তবে এটিই বিশ্বে বড় আকারের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে মারাত্মক জনসংখ্যা বিপর্যয়ের মধ্যে একটি হতে পারে।

এমন ব্যাপক পর্যায়ের কোনও বিপর্যয় গোটা মানবজাতিকে বহু আগেই বিলুপ্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তা হয়নি। জিন গবেষকদের একাংশের অনুমান, সম্ভবত এই বিপর্যয়ের ধাক্কা থেকেই আধুনিক মানুষ (হোমো সেপিয়েন্স, যা বর্তমানে একমাত্র জীবিত মানবপ্রজাতি) এবং হোমো নিয়েনডারথাল (অধুনা বিলুপ্ত মানবপ্রজাতি)-এর আবির্ভাব হয়েছিল। যদিও জেনেটিক গবেষণায় উঠে আসা এই তথ্য কতটা বাস্তবসম্মত এবং কতটা অনুমানভিত্তিক, তা নিয়েও বিতর্ক রয়েছে জেনেটিক বিশেষজ্ঞদের অন্দরে।

‘সায়েন্স’ জার্নালে ২০২৩ সালে এই গবেষণাটি প্রকাশিত হয়। কোনও জীবাশ্ম-তথ্যের ভিত্তিতে এই গবেষণা হয়নি। গবেষণাটি হয়েছে একটি নতুন কম্পিউটার মডেলের ভিত্তিতে। গবেষকেরা ‘ফিটকোল’ (ফাস্ট ইনফিনিটেসিমাল টাইম কোলেসেন্ট প্রসেস) নামে এক পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করেন। পুরনো কম্পিউটার মডেলগুলির তুলনায় এটি অনেক বেশি উন্নত।

এবং, আগের মডেলগুলির তুলনায় আরও বেশি প্রাচীন কালের জনসংখ্যা পরিবর্তন তুলে ধরতে পারে। গহেষকেরা এটির জন্য বর্তমানের ৩০০০-এরও বেশি মানুষের জেনেটিক তথ্য বিশ্লেষণ করেন। এর মধ্যে আফ্রিকান মানুষও রয়েছেন (আজ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশেই আধুনিক মানুষের আবির্ভাব হয়), আবার আফ্রিকার বাইরের মানুষও রয়েছেন।

এই তিন হাজার মানুষের জেনেটিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯,৩০,০০০-৮,১৩,০০০ বছর আগে পৃথিবীতে মানুষের কার্যকর জনসংখ্যা (এফেক্টিভ পপুলেশন) প্রায় ১,২৮০ জনে নেমে এসেছিল। আগের তুলনায় প্রায় ৯৮ শতাংশেরও বেশি কমে গিয়েছিল কার্যকর জনসংখ্যা। অর্থাৎ, এক লক্ষেরও বেশি বছর ধরে মানুষের কার্যকর জনসংখ্যা প্রবল বিপর্যয়ের মুখে পড়েছিল।

গবেষকদের মতে, এত দীর্ঘ সময় ধরে জনসংখ্যায় এমন পতন একপ্রকার অস্বাভাবিক। তবে এখানে কার্যকর জনসংখ্যা বলতে মোট জনসংখ্যা বোঝাচ্ছে না। পরবর্তী প্রজন্মে জিনগত অবদান রাখে, অর্থাৎ বংশবিস্তারে সক্ষম— এমন জনসংখ্যার কথাই এখানে বলা হচ্ছে। এটিকেই গবেষকেরা ‘কার্যকর জনসংখ্যা’ বলে ব্যাখ্যা করছেন। গবেষকদের দাবি, বিবর্তনের দিক থেকে এই পরিসংখ্যানের অর্থ হল— মানুষ সেই সময় প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছিল।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন