মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

প্রথম পাকিস্তানি হিসেবে মহাশূন্যে যাচ্ছেন জিশান আলী

সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
প্রথম পাকিস্তানি হিসেবে মহাশূন্যে যাচ্ছেন জিশান আলী
জিশান আলী। ছবি: এক্স

মহাকাশে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। দেশটির প্রথম নভোচারী হিসেবে ২৫ নভেম্বর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে এই অভিযানে অংশ নেবেন আলী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মনুষ্যবাহী মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান।


পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) আজ মঙ্গলবার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় সকাল ৫টা ১৮ মিনিট) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে।


অভিযানে জিশান আলীর সঙ্গে আছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাং হংবো আছেন অভিযানের কমান্ডার ও উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবেন। এর আগে দুটি মহাকাশ অভিযানে অংশ নেওয়া তাং এবার তৃতীয়বারের মতো তিয়াংগং স্টেশনে যাচ্ছেন। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশে পাড়ি জমাবেন।


প্রায় এক সপ্তাহ মহাকাশ স্টেশনে অবস্থান করবেন আলী। এ সময় পাকিস্তান ও চীনের যৌথ গবেষণা কর্মসূচির আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন তিনি। তাঁর গবেষণার মধ্যে থাকবে জীবপ্রযুক্তিসংক্রান্ত চারটি পরীক্ষা, যেগুলো খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া ৩০০টির বেশি প্রস্তাবের মধ্য থেকে পরীক্ষাগুলো নির্বাচন করেছে চীনা প্রতিষ্ঠানগুলো।


অভিযানের প্রস্তুতি হিসেবে আলীকে মহাকাশযান পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও চীনা ভাষার নির্দেশনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁর জন্য চীনা ও ইংরেজি ভাষায় পরিচালনাসংক্রান্ত নির্দেশিকা এবং হালাল খাবারের ব্যবস্থাও করেছে চীনের অ্যাস্ট্রোনট সেন্টার।


২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও চীনের মধ্যে নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ-সংক্রান্ত চুক্তি হয়। তিন ধাপের বাছাই শেষে জিশান আলী ও খুররম দাউদকে নির্বাচিত করা হয়। আলী চূড়ান্তভাবে অভিযানের জন্য মনোনীত হলেও বিকল্প নভোচারী হিসেবে থাকবেন দাউদ।


এই অভিযানের মধ্য দিয়ে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে প্রথমবারের মতো বিদেশি নভোচারী অংশ নেবেন। মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে পাকিস্তান-চীন সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন