শিবগঞ্জে আমের এলাকায় এবার আনারস চাষ
চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত। সেই আমের এলাকায় এবার চাষ হচ্ছে আনারস। শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের শহিদুল ইসলাম আনারস চাষ করে সফল হয়েছেন।
যুবক শহিদুল ইসলাম জানান, ইউটিউবে ও টেলিভিশনে আনারস চাষে সফলতার সংবাদ দেখে আগ্রহ তৈরি হয়। এরপর কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে আনারস চাষের উদ্যোগ গ্রহণ করি। এরই ধারাবাহিতায় ২০২৪ সালের ৬ জুন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ হট্টিকালচার কেন্দ্র থেকে ৩০০ এম.বি দুই জাতের বারোমাসি আনারসের চারা সংগ্রহ করি। সেই চারা কালুপুর মাঠে নিজ জমিতে রোপন করি। রোপণের সময় অল্প পরিমাণ জৈব সার ও কিছু রাসায়নিক সার ব্যবহার করা হলেও পরবর্তীতে তেমন কোনো অতিরিক্ত খরচ করতে হয়নি।এছাড়া পোকামাকড়ের আক্রমণে তেমন কোন ঝুঁকি নেই।
শুধু শহিদুল ইসলামই নয়, শিবগঞ্জে আরও ৯ জন যুবক পরীক্ষামূলকভাবে আনারস চাষ করছেন। তারাও ভাল ফলাফল পাবেন বলে জানান। তাদের মাধ্যমেই শিবগঞ্জে আনারস চাষের বিপ্লব ঘটবে বলে আশাবাদী।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জে আনারস চাষের সম্ভাবনা খুব বেশি। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া জানান, শিবগঞ্জে আনারসসহ বিভিন্ন ফলের চাষ বাড়ছে। বিশেষ করে আমবাগানে গাছের ফাঁকা জায়গায় আনারসের গাছ লাগানো যাচ্ছে এবং আমের সাথে সাথে আনারসের চাষও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে একই জমিতে আমের পাশাপাশি আনারস চাষ করে লাভবানের উজ্জল সম্ভাবনা রয়েছে। আনারস চাষে উৎসাহ দিতে প্রতিটি আনারস চাষির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য উপসহকারী কৃষি অফিসারগণকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, শিবগঞ্জের মাটি আনারস চাষের উপযোগী বলে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে।