বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে

সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ১২:০৮ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে
সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে দেখা মিলবে বিরল এক মহাজাগতিক দৃশ্যের। এ সময় গভীর আংশিক চন্দ্রগ্রহণ হবে।

এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।


যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।


ভৌগোলিক অবস্থানের কারণে এর মূল দৃশ্য সবচেয়ে পরিষ্কার দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। এ ছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় গ্রহণের আংশিক দৃশ্য উপভোগ করা যাবে।


চাঁদের বেশিরভাগ অংশ পৃথিবীর সবচেয়ে অন্ধকার ছায়ায় ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা প্রতিফলিত হওয়ার কারণে চাঁদ তামাটে বা লালচে বর্ণ ধারণ করবে।


এই দৃশ্যকে অনেকে রূপক অর্থে ‘ব্লাড মুন’ বলে থাকেন।

পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে হয়ে ওঠার দৃশ্যটি অল্প কিছু সময়ের জন্যই স্থায়ী হবে।


চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে সূর্যগ্রহণের মতো বাড়তি কোনো প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।


তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, বাংলানিউজ