সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে অ্যানথ্রোপিক প্রধান, মাস্ক ও অল্টম্যানের সমর্থন

সোনার দেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে অ্যানথ্রোপিক প্রধান, মাস্ক ও অল্টম্যানের সমর্থন

ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এআই সিস্টেমগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে এর বিকাশের গতি কমানোর পক্ষে একমত হয়েছেন প্রযুক্তি বিশ্বের তিন শীর্ষ ব্যক্তি।


অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই এআই মডেলগুলোর উন্নয়নের গতি কমানোর আহ্বান জানানোর পর তাতে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।


এক্সে দেওয়া এক পোস্টে অল্টম্যান বলেন, উন্নত বা ‘ফ্রন্টিয়ার’ এআই মডেলগুলোর বিকাশের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে অ্যানথ্রোপিক প্রধান দারিও আমোদেই যে মত দিয়েছেন, তার সঙ্গে তিনি সম্পূর্ণ একমত।


তিনি লিখেছেন, “গত কয়েক সপ্তাহে ওপেনএআইয়ে এটাই ছিল আমাদের আলোচনার অন্যতম প্রধান বিষয়।”


ঝুঁকি যাচাইয়ের জন্য বাইরের নিরপেক্ষ বিশেষজ্ঞদেরকে কোম্পানির এআই সিস্টেমে নিজস্ব কর্মীদের মত প্রবেশাধিকার দেওয়ার যে প্রস্তাব এসেছে, তাতেও সমর্থন দেন অল্টম্যান।


একে ‘একটি দুর্দান্ত ধারণা’ হিসেবে বর্ণনা করে তিনি লিখেছেন, “আমরাও একই কাজ করব। শিগগিরই এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাব।”


আমোদেইয়ের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এক্সএআইয়ের নেতৃত্বে থাকা মাস্কও। সংক্ষিপ্ত এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “দারিও ঠিক বলেছেন।”


এরপর মাস্ক তার আগের একটি পোস্টও নতুন করে শেয়ার করেছেন, যেখানে তিনি এআইয়ের দ্রুত বিকাশের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন।


ওই পোস্টে তিনি বলেছিলেন, এ প্রযুক্তি ‘পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি’ ঝুঁকির কারণ হতে পারে।


“আমি অনেক দিন ধরেই এআই নিয়ে সতর্ক করে আসছি,” লিখেছেন মাস্ক।


‘আমাদের গতি কমাতেই হবে’


নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে দারিও আমোদেই বিভিন্ন খাতে এআই-এর সুবিধার কথা স্বীকার করলেও এর দ্রুত বিকাশ এবং সমাজের ওপর এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে সতর্ক করেছেন।


তিনি বলেন, এআইয়ের কারণে মানবসভ্যতায় ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি হতে পারে। এর মধ্যে রয়েছে এআই সিস্টেমের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা, সাইবার হামলা ও বায়োটেররিজম (জৈবসন্ত্রাস) এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়।


এআইয়ের বিকাশ দ্রুততর করার প্রতিযোগিতাকে এখন ‘বেপরোয়া আচরণ’ বলে মনে হচ্ছে অ্যানথ্রপিকের প্রধানের।


তবে এর উন্নয়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পক্ষেও তিনি নন। তার মতে, তাতে মানবজাতি এআইয়ের সুফল থেকে বঞ্চিত হতে পারে অথবা এ প্রযুক্তি কর্তৃত্ববাদী সরকারগুলোর হাতে চলে যেতে পারে।


“এআই মডেলের সক্ষমতা আমরা যে গতিতে বাড়াচ্ছি, সেই গতি কমাতেই হবে। অগ্রগতি তখনও দ্রুতই মনে হবে এবং যে অতিরিক্ত সময় আমরা পাব, তা বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাতে হবে,” লেখেন আমোদেই।


তার এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন কয়েকদিন আগেই এআই গবেষক জ্যাকব ককসন এই পেশা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। জ্যাকব এর আগে ওপেনএআই ছেড়ে অ্যানথ্রোপিকে যোগ দিয়েছিলেন।


তিনি অভিযোগ করেছেন, স্বয়ংক্রিয়ভাবে নিজেদের উন্নত করতে সক্ষম এআই মডেল তৈরির প্রতিযোগিতায় এ দুই কোম্পানিই মানুষের ‘জীবন নিয়ে জুয়া খেলছে’।


তথ্যসূত্র: বিডিনিউজ