বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কত বছর চুপচাপ পড়ে ছিল এই প্রাণিটি, হঠাৎ ঘটাল অসম্ভব ঘটনা!

সোনার দেশ ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
কত বছর চুপচাপ পড়ে ছিল এই প্রাণিটি, হঠাৎ ঘটাল অসম্ভব ঘটনা!
ছবি: সংগৃহীত

সমুদ্রের গভীরে অনেক অজানা প্রাণী থাকে। যার খোঁজ পেতে সবসময় যে নতুন অভিযানে নামতে হয় এমনটা নয়। তার প্রমাণ মিলল জার্মানির এক মিউজিয়ামে। দশকের পর দশক বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় পড়ে থাকা একটি শুকনো সামুদ্রিক দেহ পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা তাজ্জব বনে গেছেন। জানা গেল, এতদিন ধরে বিজ্ঞানের চোখ এড়িয়ে চলা এক নতুন প্রজাতির প্রাণীর সন্ধান মিলেছে সেখানে।


আশির দশকে পুয়ের্তো রিকোর একটি সামুদ্রিক গবেষণাকেন্দ্র থেকে ওই নমুনাটি সংগ্রহ করে জার্মানিতে আনা হয়েছিল। ক্যারিবিয়ান সাগরের প্রায় ৫০০ মিটার গভীরে ধরা পড়েছিল সেটি। গোড়ায় সেটিকে পরিচিত কোনও জায়ান্ট আইসোপড বলেই ধরে নিয়েছিলেন গবেষকরা।


সম্প্রতি দুই গবেষক আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাণীটির গঠন পরীক্ষা করতে গিয়েই আসল রহস্যের সন্ধান পান। অন্যান্য প্রজাতির সঙ্গে তুলনার সময় স্পষ্ট হয়ে ওঠে এর নানা অমিল। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়, এটি আদতে এক সম্পূর্ণ নতুন প্রজাতি। নাম দেওয়া হয়েছে- বাথিনোমাস টুবিঙ্গোবোরিকেনসিস। ৩২.২ সেন্টিমিটার লম্বা এই প্রাণী। 


দেখতে অনেকটা সাধারণ কাঠপোকার মতো হলেও, এদের রয়েছে শক্ত কঙ্কাল ও একাধিক জোড়া পা। গভীর সমুদ্রের জমাট অন্ধকারই এদের আসল ঠিকানা। এদের কিছু প্রজাতি আবার ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বাও হতে পারে।


বিজ্ঞানীদের মতে, প্রায় দেড় কোটি বছর আগে ক্যারিবিয়ান অঞ্চলেই সম্ভবত এই প্রাণীগোষ্ঠীর উৎপত্তি হয়েছিল। সেখান থেকেই পরবর্তীতে তারা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্য মহাসাগরে।


তথ্যসূত্র: আজকাল অনলাইন