শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টাসর্

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের  রাফা বিগ্রেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ তথ্য নিশ্চিত করেছে। 


এর আগে শনিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেট এক যৌথ বিবৃতিতে জানায়, তারা খান ইউনিসে একটি ড্রোন হামলায় হামাসের একজন শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের আশ্রিত একটি তাঁবুতে এই হামলায় আরো দুজন আহত হয়েছেন। হতাহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে শনিবার চিকিৎসাকর্মীরা আল-জাজিরাকে জানান। 

 

ভূমধ্যসাগরের তীরবর্তী আল-মাওয়াসি এলাকাটি বর্তমানে তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিদের ভিড়ে পরিপূর্ণ। ইসরায়েল এর আগে এটিকে মানবিক জোন বা নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করলেও বারবার সেখানে হামলা চালিয়ে আসছে। 


সর্বশেষ হতাহতের সংখ্যা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। 

২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ গাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তুপের নিচ থেকে অন্তত ৮৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৫ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। 


এদিকে শৈত্যপ্রবাহ ও শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাসের এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে এই শীতে ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। 


গাজার বাসিন্দাদের বেশিরভাগই বাস্তুচ্যুত। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও তাঁবুতে বসবাসকারী মানুষের চরম দুর্ভোগের মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 


তথ্যসূত্র: আল-জাজিরা, রাইজিংবিডি