‘আর বাঁচব কি না জানি না’! আদালতের দ্বারস্থ ইমরান খান
পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিজের শারীরিক পরিস্থিতি এবং জেলের ভিতরে বন্দিদশা নিয়ে দেশের শীর্ষ আদালতগুলির দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে ইমরানের দাবি, দীর্ঘ সময় একাকী বন্দি থাকার কারণে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, জেল থেকে আর জীবিত অবস্থায় ফিরতে পারবেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে এই চিঠি লিখেছেন ইমরান। তাঁর আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর ১১ নভেম্বর আদিয়ালা জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই সাক্ষাতের সময়ই নিজের উদ্বেগের কথা বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ১৬ নভেম্বর আইনজীবী সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে ইমরানের অভিযোগ, প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাঁকে একা বন্দি করে রাখা হচ্ছে। বাইরের জগতের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন তাঁর। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, আইনজীবীদের সঙ্গে কথা বলা, এমনকি ফোনে দুই ছেলের সঙ্গে যোগাযোগের সুযোগও পাচ্ছেন না বলে দাবি করেছেন তিনি। বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, আইনজীবীদের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও একাধিক বাধার কথা জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, চলতি বছরে তাঁর আইনজীবী মাত্র চার বার দেখা করার সুযোগ পেয়েছেন। স্ত্রী বুশরা বিবির সঙ্গে নির্ধারিত সাপ্তাহিক সাক্ষাৎও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জেলের ভিতরে কেউ তাঁর সঙ্গে কথা বলেন না, এমনকী তিনি সম্ভাষণ জানালেও উত্তর মেলে না বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান।
তাঁর শারীরিক অবস্থা নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। চিঠিতে ইমরানের দাবি, জেলে থাকার সময় তাঁর রক্তচাপ ক্রমশ বেড়েছে। ১০ নভেম্বর তা ১৯২ এবং ১৯৩-এ পৌঁছেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্যন্ত্র বিকল হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও দাবি তাঁর। ইতিমধ্যেই হৃদ্যন্ত্রের ক্ষতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন, এমন কথাও লিখেছেন তিনি। ৭৪ বছর বয়সে এই পরিস্থিতি তাঁর জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান। তাঁর অভিযোগ, গত ১০ ফেব্রুয়ারি আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় জানা যায়, ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। অথচ এই সমস্যার কথা তাঁর পরিবার বা আইনজীবীদের আগে জানানো হয়নি বলে দাবি করেছেন ইমরান।
ইমরান চিঠিতে বুশরা বিবির শারীরিক সমস্যার কথাও জানিয়েছেম। তাঁর দাবি, এপ্রিলে বুশরা বিবির রেটিনায় সমস্যা ধরা পড়ে এবং জটিল অস্ত্রোপচারও করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁকে আবার বন্দিদশায় ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখ খুলতেও অসুবিধা হচ্ছে বলে দাবি ইমরানের। দ্রুত ফের অস্ত্রোপচার না হলে বুশরা বিবি দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিজের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর সুযোগ এবং মেডিক্যাল রিপোর্ট পাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
চিঠিতে সুপ্রিম কোর্টের আগের নির্দেশ কার্যকর না হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন ইমরান। তাঁর দাবি, গত ১৮ আগস্ট শীর্ষ আদালত তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁর। পরিবর্তে চোখ পরীক্ষা করানোর জন্য তাঁকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে ফের জেলে পাঠানো হয়।
চিঠির শেষে বিচারপতিদের কাছে বিশেষ কোনও সুবিধা চাননি বলে জানিয়েছেন ইমরান। তাঁর দাবি, আদালতের আগের নির্দেশ কার্যকর করা হোক এবং তাঁকে ও তাঁর স্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ দেওয়া হোক। বেঁচে থাকলে তবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন