২০২৫ সালের সংঘাতের পর প্রথমবার ভারত সফরে পাকিস্তানের মন্ত্রী
২০২৫ সালের সংঘাতের পর প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পাকিস্তানের একজন মন্ত্রী। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতা সংলাপ ফোরামে যোগ দিতে তিনি ভারত সফর করছেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর আগামী শনিবার ফোরামে বক্তব্য দেবেন পাকিস্তানের মন্ত্রী।
তবে, এই সফর ঘিরে দুই দেশের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিওর সক্রিয় সদস্য হিসেবে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যেই তাদের এ অংশগ্রহণ।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর এটিই কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।
এর আগে, ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের মানুষের মধ্যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরবেন মুসাদিক মালিক। এছাড়া, ফোরামের ফাঁকে এসসিওর সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।
তবে, ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
যদিও দুই দেশের কোনো সরকারই বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান কেন মুসাদিক মালিককে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান বলেন, নিজের পছন্দের প্রতিনিধি পাঠানোর মাধ্যমে পাকিস্তান এসসিওর সদস্য হিসেবে অংশ নিতে চেয়েছে।
একই সঙ্গে, ভারতের নির্ধারিত কাঠামো বা প্রচারের অংশ হিসেবে দেখা যাওয়ার বিষয়টিও এড়াতে চেয়েছে ইসলামাবাদ।
অন্যদিকে, পাকিস্তানের এই মন্ত্রীর সফরটিকে শুধু এসসিওর আনুষ্ঠানিক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় নয়াদিল্লি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ২৮ অক্টোবর জানিয়েছিলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী এসসিওর সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, এতে পাকিস্তানের বিষয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
এদিকে, আগামী ২০২৭ সালের আগস্টে এসসিওর শীর্ষ সম্মেলন আয়োজন করবে পাকিস্তান।
ইসলামাবাদের এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি।
বিশ্লেষকদের মতে, এসসিওর মতো বহুপক্ষীয় আয়োজনে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতি যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে।
তবে, এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বেশির ভাগ যোগাযোগ এখনো স্থবির রয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত।
তবে, অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। এর জেরেই দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাত হয়।
এরপর থেকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রীর ভারত সফরকে দুই দেশের যোগাযোগের নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে, সম্পর্কের উন্নতি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: আল-জাজিরা, জাগোনিউজ