শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

৬০টি বই পড়ে ১১ বছরের শিশু পেল ১ কোটি ৬৫ লাখ টাকার পুরস্কার

সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
৬০টি বই পড়ে ১১ বছরের শিশু পেল ১ কোটি ৬৫ লাখ টাকার পুরস্কার
‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর দশম আসর

বই পড়ার প্রতি গভীর ভালোবাসা আর অধ্যবসায় যে সাফল্যের নতুন দিগন্ত খুলে দিতে পারে, তারই অনন্য উদাহরণ মিশরের ১১ বছর বয়সী শিক্ষার্থী মায়ার মোহাম্মদ রাহাব ওসমান। ৬০টিরও বেশি বই পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ পঠন প্রতিযোগিতা ‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর দশম আসরে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে সে। পুরস্কার হিসেবে পেয়েছে ৫ লাখ আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।


দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মায়ারের হাতে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।


এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের সংখ্যাও গড়েছে নতুন রেকর্ড। বিশ্বের ৬০টি দেশের ৪ কোটি ২ লাখ ৮৬ হাজার ৪২৮ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতার আয়োজনের সঙ্গে যুক্ত ছিল ১ লাখ ৩৮ হাজার ৪২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১ লাখ ৬১ হাজার ৫০৭ জন পঠন তত্ত্বাবধায়ক। অংশগ্রহণকারীর এই বিপুল সংখ্যা প্রমাণ করে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রতিযোগিতাটি আন্তর্জাতিক পরিসরে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে।


এবারের আসরে দ্বিতীয় স্থান অর্জন করেছে ফিলিস্তিনি শিক্ষার্থী গাজাল তিম। তৃতীয় হয়েছে সৌদি আরবের শিক্ষার্থী রায়ান আল-জাকরি।


২০১৫ সালে যাত্রা শুরু করে ‘আরব রিডিং চ্যালেঞ্জ’। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করা, আরবি ভাষায় দক্ষতা বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে উৎসাহিত করার পাশাপাশি তাদের চিন্তাশক্তি, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশেও ভূমিকা রাখছে এই প্রতিযোগিতা।


প্রতিযোগিতার দশম আসরে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ উদ্যোগটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকেই তুলে ধরেছে। আর সেই বিশাল প্রতিযোগিতায় সবার সেরা হয়ে মায়ার দেখিয়ে দিয়েছে, বয়স কখনো বড় অর্জনের পথে বাধা হতে পারে না।


মাত্র ১১ বছর বয়সে ৬০টিরও বেশি বই পড়ে এমন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন শুধু মায়ারের ব্যক্তিগত সাফল্য নয়; এটি নতুন প্রজন্মের কাছে বই পড়ার গুরুত্ব তুলে ধরারও এক অনুপ্রেরণামূলক গল্প। প্রযুক্তিনির্ভর সময়ে যেখানে শিশু-কিশোরদের বড় একটি অংশের সময় কাটে ডিজিটাল পর্দায়, সেখানে মায়ারের এই অর্জন মনে করিয়ে দেয়- বইয়ের পাতায় লুকিয়ে আছে জ্ঞান, কল্পনা, সম্ভাবনা আর ভবিষ্যৎ গড়ার অসংখ্য সুযোগ।


তথ্যসূত্র: রাইজিংবিডি