শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ভারতে বৃহন্নলাদের নিয়ে ‘ব্রিগেড’

সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
ভারতে বৃহন্নলাদের নিয়ে ‘ব্রিগেড’

শহর কলকাতার রাস্তার ধারে, বাসে-ট্রেনে বহন্নলাদের ভিক্ষাবৃত্তির দিন এবার শেষেপ পথে। তাঁদের সম্মানের সঙ্গে কাজ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে ‘বহন্নলা ব্রিগেড’। জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেছেন তিনি। সেখানেই তুলে ধরেছেন এই উদ্যোগের নেপথ্যের নানা ভাবনা।


কী কাজ করবে ‘বিহন্নলা ব্রিগেড’?

পুর ও নগরোন্নয়নমন্ত্রী জানিয়েছেন, ট্র্যাফিক সিগন্যালে গাড়ি নিয়ন্ত্রণ ও পুর কর আদায়ের মতো কাজে বৃহন্নলাদের যুক্ত করা হবে। জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে বৃহন্নলাদের কলকাতা,হাওড়া, বিধাননগরের ক্ষেত্রে কার্যকর করা হবে। এরপরে ধাপে ধাপে গোটা রাজ্যে বৃহন্নলাদের এই কাজে লাগানো হবে।


কেন এই উদ্যোগ?

ফেসবুকে নিজের ভাবনা লিখতে গিয়ে মহাভারতে অর্জুনের বৃহন্নলা সাজা ও শিখণ্ডী চরিত্রকে তুলে ধরেছেন মন্ত্রী অগ্নিমিত্রা। তিনি লিখেছেন, ‘এইসব চরিত্রের জীবনকাহিনি আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় ও জীবনযাত্রা সবসময় সমাজের প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের ভারতীয় সাহিত্য ও সংস্কৃতিতে এমন অনেক কাহিনি রয়েছে। অথচ আজও বৃহন্নলা সম্প্রদায়ের মানুষকে নিজেদের জায়গা তৈরি করতে কত লড়াই করতে হয়! কেন একজন মানুষ শুধু তাঁর পরিচয়ের কারণে কাজের সুযোগ থেকে বঞ্চিত হবেন? কেন তাঁকে সমাজের মূল স্রোতের বাইরে থাকতে হবে? তাঁরও তো স্বপ্ন আছে, আত্মসম্মান আছে, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। আমি মনে করি, তাঁদের পাশে দাঁড়ানোর সবচেয়ে ভালো উপায় হল তাঁদের সম্মানের সঙ্গে কাজের সুযোগ করে দেওয়া। সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ- ‘বৃহন্নলা ব্রিগেড’।’


সরকারের পরিকল্পনা?

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী লিখেছেন, ‘আমাদের পরিকল্পনা, বৃহন্নলা সম্প্রদায়ের আগ্রহী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক সচেতনতার কাজে যুক্ত করা। তাঁরা রাস্তায় সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে, হেলমেট পরতে, সিটবেল্ট ব্যবহার করতে এবং নিরাপদে চলাচল করতে সচেতন করবেন। পাশাপাশি পুরসভার কর আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সাম্মানিকের ব্যবস্থার মাধ্যমে তাঁদের কাজের মর্যাদা দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমি চাই, আগামী দিনে তাঁদের পরিচয় শুধু সমাজের অবহেলার সঙ্গে জড়িয়ে না থাকুক। তাঁদের পরিচয় হোক তাঁদের কাজের মাধ্যমে, তাঁদের যোগ্যতার মাধ্যমে, তাঁদের আত্মবিশ্বাসের মাধ্যমে।’


অগ্নিমিত্রা পাল লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, সুযোগ পেলে প্রত্যেক মানুষই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। প্রয়োজন শুধু সেই সুযোগের দরজা খুলে দেওয়া। আসুন, আমরা পরিচয় দিয়ে নয়, মানুষ দিয়ে মানুষকে চিনতে শিখি। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ। আর সম্মানের অধিকার আমাদের সকলের। সবার জন্য সম্মান, সবার জন্য কাজ, সবার জন্য মর্যাদা।’


নবান্ন সূত্রে খবর, আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। 


তথ্যসূত্র: আজকাল অনলাইন