শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা কম, বাড়তে পারে আঞ্চলিক উত্তেজনা

সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা কম, বাড়তে পারে আঞ্চলিক উত্তেজনা
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা কম/ ছবি: এএফপি (ফাইল)

২০২৭ সালেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা, গাজা ও লেবাননের সংঘাত, ইয়েমেনের গৃহযুদ্ধ এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে আগামী বছরও অস্থির থাকতে পারে পুরো অঞ্চল।


একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে শুরু করতে পারে। নিজেদের নিরাপত্তার জন্য নতুন মিত্র খুঁজবে উপসাগরীয় দেশগুলো।


২০২৫ সালের নভেম্বরে সৌদি যুবরাজকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির খুব কাছাকাছি পৌঁছেছে। কিন্তু এর মাত্র তিন মাস পরই তিনি অঞ্চলটিতে বড় ধরনের যুদ্ধ শুরু করেন। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে পড়েছে।


বিশ্লেষকদের ধারণা, আগামী বছর উপসাগরীয় অঞ্চলে বড় যুদ্ধ এড়ানো গেলেও উত্তেজনা কমবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এবং পাল্টাপাল্টি হুমকি চলতে পারে। এতে হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজের চলাচল বন্ধ থাকতে পারে।


দুই দেশ একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছালেও তা খুব বেশি স্থায়ী নাও হতে পারে। এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে। তবে সেই আলোচনা দীর্ঘ সময় ধরে চললেও বড় কোনো সমাধান আসার সম্ভাবনা কম।


গাজা ও লেবাননের সংঘাত চলতে পারে

মধ্যপ্রাচ্যের অন্য সংঘাতগুলোরও স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা কম। গাজায় পুনর্গঠনের কাজ খুব বেশি এগোবে না বলে ধারণা করা হচ্ছে। সেখানে প্রায় ২০ লাখ মানুষ আরও একটি বছর দুর্ভোগের মধ্যে কাটাতে পারে। লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রেও বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই।


ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব আরেক বছরজুড়ে অস্থিরতা সহ্য করতে চাইবে না। এ কারণে রিয়াদ ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে শান্তি চুক্তির চেষ্টা করতে পারে। তবে এমন চুক্তি হলেও ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও তা দিয়ে ইয়েমেনের সংঘাত বন্ধ করা কঠিন হতে পারে।


নিরাপত্তার জন্য নতুন মিত্র খুঁজবে উপসাগরীয় দেশগুলো

যুক্তরাষ্ট্রকে আর পুরোপুরি নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার মনে করছে না উপসাগরীয় দেশগুলো। তাই নিজেদের নিরাপত্তা জোরদার করতে তারা অন্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করবে।


গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি দেশ যুক্ত হতে পারে। তবে চুক্তির সদস্যরা একে অপরের হয়ে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। ফলে এটি ন্যাটোর মতো সামরিক জোটের পরিবর্তে ব্রিকসের মতো রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতার একটি জোটে পরিণত হতে পারে।


বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, মধ্যপ্রাচ্য দুটি প্রতিদ্বন্দ্বী বলয়ে বিভক্ত হতে পারে। একটি বলয়ের নেতৃত্বে থাকবে সৌদি আরব, অন্যটির কেন্দ্রে থাকবে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। তবে বাস্তবে দেশগুলোর স্বার্থের হিসাব এতটা সরল নয়।


মিসর সৌদি আরবের বলয়ে থাকলেও দেশটির অর্থনীতি সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের ওপর নির্ভরশীল। অন্যদিকে, পাকিস্তান মক্কা চুক্তির সদস্য হলেও ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা কমতে পারে

মধ্যপ্রাচ্য থেকে ধীরে ধীরে নিজেদের সম্পৃক্ততা কমাতে পারে যুক্তরাষ্ট্র। তবে দেশটি দ্রুত সামরিক ঘাঁটি বন্ধ করে অঞ্চল ছেড়ে যাবে না। কারণ, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা এখনো যুক্তরাষ্ট্রের রয়েছে।


এদিকে চীন মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাবে। তবে দেশটির কূটনৈতিক উদ্যোগ থেকে বড় কোনো সাফল্য আসার সম্ভাবনা কম। একই সঙ্গে অদূর ভবিষ্যতে চীন এ অঞ্চলে বড় সামরিক শক্তি হিসেবেও আবির্ভূত হবে না।


ইসরায়েল আরও বিচ্ছিন্ন হতে পারে

২০২৭ সালেও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটার সম্ভাবনা কম। গাদি আইজেনকট সরকার গঠন করে বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারলেও পরিস্থিতির বড় পরিবর্তন নাও হতে পারে।


একসময় উপসাগরীয় অনেক দেশের শাসক ইরানের প্রভাব মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য বা গোপন সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করতেন। কিন্তু এখন তাদের অনেকেই ইসরায়েলকে নিরাপত্তার অংশীদার না ভেবে আঞ্চলিক অস্থিরতার উৎস হিসেবে দেখছেন।


এ কারণে ২০২৭ সালে আব্রাহাম চুক্তির আওতা বাড়ার সম্ভাবনা কম। সৌদি আরবকে এই চুক্তিতে যুক্ত করতে ট্রাম্প চেষ্টা চালালেও তাতে দ্রুত সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে না।


অর্থনৈতিক চাপ বাড়তে পারে উপসাগরীয় দেশগুলোতে

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি আরও চাপে পড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ৪ দশমিক ৮ শতাংশ সংকোচনের পর ২০২৭ সালে এ অঞ্চলের অর্থনীতি ৯ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। তবে এই পূর্বাভাসের ভিত্তি হলো, আগামী এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে যাবে। বাস্তবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


অর্থনীতি সচল রাখতে কিছু উপসাগরীয় দেশ ইরানের সঙ্গে আলাদা সমঝোতায় যেতে পারে। আবার কোনো কোনো দেশকে সংকট মোকাবিলায় নিজেদের সার্বভৌম সম্পদ তহবিল থেকে অর্থ ব্যয় করতে হতে পারে।

উপসাগরীয় দেশগুলোতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দা দেখা দিলে অন্য আরব দেশগুলোও ক্ষতিগ্রস্ত হবে। কারণ, এসব দেশ ধনী তেলসমৃদ্ধ রাষ্ট্রগুলোর আর্থিক সহায়তা, বিনিয়োগ ও প্রবাসীদের পাঠানো অর্থের ওপর নির্ভরশীল।


অপ্রত্যাশিত ঘটনাও বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি

২০২৭ সালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে আরও কিছু অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তারা ইরান যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করার চেষ্টা করতে পারেন। তবে কিছু প্রগতিশীল ডেমোক্র্যাটও এ বিষয়ে দ্বিধায় থাকতে পারেন। কারণ, এতে তাদের বিরুদ্ধে ইরানের শাসকগোষ্ঠীকে সহায়তার অভিযোগ উঠতে পারে।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকিতে বিরক্ত হয়ে ইরান আগাম হামলা চালাতে পারে—এমন আশঙ্কাও রয়েছে। ২০২৭ সালে দেশটি পারমাণবিক বোমা তৈরির দিকে দ্রুত এগোতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন আছে। তবে এর জন্য প্রয়োজনীয় সক্ষমতা ইরানের আছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।


এ ছাড়া ট্রাম্পের অপ্রত্যাশিত সিদ্ধান্তও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারে। একসময় ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন কি না, সেটিও অনিশ্চিত। তবে এক বছর আগেও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল।

সব মিলিয়ে ২০২৭ সালে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ এড়ানো গেলেও সংঘাত, কূটনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।


তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট, জাগোনিউজ