ফিকে হয় প্রিয়জনের মুখ, আবছা শৈশব, তবু অমলিন মৃত্যুর দোরগোড়ার স্মৃতি!
সময়ের নিয়মে আমাদের অধিকাংশ স্মৃতিই ক্রমশ ফিকে হয়ে আসে। বছর ঘোরার সঙ্গে সঙ্গে আবছা হয়ে যায় প্রিয়জনের কণ্ঠস্বর কিংবা ছোটবেলার বাড়ির জানালায় রোদ এসে পড়ার চেনা ছবি। কিন্তু যাঁরা মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও ফিরে এসেছেন, তাঁদের ক্ষেত্রে ছবিটা একেবারে আলাদা। জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও জীবন্ত স্মৃতিগুলি তৈরি হয় ওই অভিজ্ঞতা থেকেই।
মৃত্যুসদৃশ এই অভিজ্ঞতা বা ‘নিয়ার-ডেথ এক্সপিরিয়েন্স’ মানবসভ্যতার ইতিহাসে নতুন নয়। এমন অভিজ্ঞতার উল্লেখ পাওয়া যায় বিশ্বের একাধিক পৌরাণিক কাহিনি ও কিংবদন্তিতেও। নানা রূপে ধরা দিতে পারে এই অভিজ্ঞতা। কারও মনে হয়, তিনি নিজের শরীরের বাইরে ভেসে রয়েছেন। কেউ আবার দেখেন, এক অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে তিনি উজ্জ্বল আলোর দিকে এগিয়ে চলেছেন। কারও চোখের সামনে ভেসে ওঠেন প্রয়াত প্রিয়জনেরা। আবার কারও মনে হয়, গোটা জীবনের সমস্ত ঘটনা একলহমায় চোখের সামনে খেলে গেল।
জীবন ও মৃত্যুর সেই সীমারেখায় পৌঁছোনোর স্মৃতি এতটাই স্পষ্ট হয় যে, গত কয়েক দশক ধরে তা বিজ্ঞানীদের বিস্মিত করে চলেছে। গত দু’দশকের গবেষণায় এমন প্রমাণও মিলেছে যে, জেগে থাকা অবস্থার স্বাভাবিক স্মৃতির চেয়েও এই স্মৃতি অনেক বেশি উজ্জ্বল। বিজ্ঞানীদের ধারণা, মানুষের মস্তিষ্কে স্মৃতি কী ভাবে তৈরি হয় এবং স্থায়ী রূপ নেয়, তার চাবিকাঠি লুকিয়ে থাকতে পারে এই রহস্যের মধ্যেই।
বিজ্ঞানীদের গবেষণাপত্রে এই অদ্ভুত স্মৃতির স্থায়িত্বের ইঙ্গিত প্রথম স্পষ্ট ভাবে উঠে আসে ২০০৭ সালে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের হেলথ সিস্টেমের মনোরোগ বিশেষজ্ঞ ব্রুস গ্রেসন ৭২ জন মানুষকে নিয়ে একটি সমীক্ষা চালান। আশির দশকে এই ব্যক্তিরা তাঁদের মৃত্যুসদৃশ অভিজ্ঞতা নিয়ে একটি প্রশ্নপত্র পূরণ করেছিলেন। দু’দশক পরে গ্রেসন তাঁদের সেই একই প্রশ্নপত্র আবার পূরণ করতে দেন। দেখা যায়, প্রায় কুড়ি বছর পেরিয়ে গেলেও তাঁদের উত্তরে তেমন কোনও পরিবর্তন আসেনি। অভিজ্ঞতার খুঁটিনাটি বিবরণ আশ্চর্যজনক ভাবে একই রয়ে গিয়েছে।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, এই স্মৃতিগুলি কি সত্যিই সময়ের আঁচড় থেকে সুরক্ষিত, না কি অভিজ্ঞতাগুলি অসাধারণ বলেই মানুষ বার বার সেগুলি মনে করেন এবং সেই কারণেই তা মস্তিষ্কে গেঁথে যায়? এই রহস্য ভেদ করতে ২০১৩ সালে ভিন্ন পথে হাঁটেন বেলজিয়ামের লিজ় বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী মারি থনার্ড এবং ভেনেসা শার্ল্যান্ড-ভারভিল। সময়ের সঙ্গে স্মৃতি কতটা অটুট থাকে তা না দেখে, তাঁরা স্বাভাবিক জীবনের স্মৃতির সঙ্গে মৃত্যুসদৃশ অভিজ্ঞতার স্মৃতির তীব্রতার তুলনা করেন।
এর জন্য তাঁরা ১৫টি প্রশ্নের একটি বিশেষ ‘মেমরি ক্যারেক্টারিস্টিক্স কোয়েশ্চনেয়ার’ ব্যবহার করেন। এই পদ্ধতির মাধ্যমে স্মৃতির ছ’টি দিক যাচাই করা হয়— ইন্দ্রিয়গ্রাহ্য খুঁটিনাটি, স্পষ্টতা, ব্যক্তিগত প্রতিক্রিয়া, আবেগঘন তথ্য, কত বার স্মৃতিটি মনে করা হয়েছে এবং স্মৃতির উপরে ব্যক্তির আত্মবিশ্বাস। ওই গবেষণায় কোমা থেকে ফিরে আসা ২১ জন (যাঁদের মধ্যে আট জনের মৃত্যুসদৃশ অভিজ্ঞতা হয়েছিল) এবং ১৮ জন সুস্থ মানুষকে যুক্ত করা হয়।
অংশগ্রহণকারীদের পাঁচ ধরনের স্মৃতির মূল্যায়ন করতে বলা হয়েছিল— পুরনো ও সাম্প্রতিক বাস্তব ঘটনা, পুরনো ও সাম্প্রতিক কল্পিত ঘটনা এবং প্রতিটি দলের জন্য নির্দিষ্ট একটি পঞ্চম স্মৃতি (মৃত্যুসদৃশ অভিজ্ঞতা, কোমা সংক্রান্ত স্মৃতি অথবা শৈশবের কোনও স্মৃতি)। তুলনার জন্য নিত্যদিনের সাধারণ ঘটনার বদলে আবেগঘন বাস্তব ঘটনা বেছে নিতে বলা হয়েছিল। যেমন, কুকুরকে নিয়ে হাঁটতে যাওয়ার বদলে বিয়ের শপথ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ফলাফল ছিল চমকপ্রদ। যাঁদের মৃত্যুসদৃশ অভিজ্ঞতা হয়েছিল, তাঁরা জানান যে, বাস্তব বা কল্পিত যে কোনও ঘটনার তুলনায় ওই অভিজ্ঞতার স্মৃতি অনেক বেশি খুঁটিনাটিতে ভরা। এমনকি জীবনের অত্যন্ত আবেগঘন বাস্তব ঘটনার চেয়েও তা বেশি স্পষ্ট, তীব্র এবং তাৎপর্যপূর্ণ। তবে সবচেয়ে অদ্ভুত তথ্যটি ছিল অন্য জায়গায়। বিজ্ঞানীরা খতিয়ে দেখেছিলেন, বার বার মনে করার ফলেই (রিহার্সাল) এই স্মৃতি এত শক্তিশালী হয়েছে কি না। দেখা যায়, দৈনন্দিন জীবনের স্মৃতি এবং মৃত্যুসদৃশ অভিজ্ঞতার স্মৃতি মনে করার সংখ্যার মধ্যে কোনও উল্লেখযোগ্য পার্থক্য নেই। অর্থাৎ, বেশি বার রোমন্থন করার উপরে মৃত্যুসদৃশ অভিজ্ঞতা টিকে থাকা নির্ভর করে না।
তবে বেলজিয়ামের ওই গবেষণাটি ছিল খুবই ছোট পরিসরের। মৃত্যুসদৃশ অভিজ্ঞতা রয়েছে, এমন মাত্র আট জনই সেই গবেষণায় অংশগ্রহণকারী ছিলেন। তাই ২০১৭ সালে মনোরোগ বিশেষজ্ঞ লরেন মুরকে সঙ্গে নিয়ে ফের এই প্রশ্নের উত্তর খুঁজতে নামেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রুস গ্রেসন। এ বার তাঁরা ১২২ জন মানুষের উপরে সমীক্ষা চালান। ৩৮টি প্রশ্নের একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র ব্যবহার করে অংশগ্রহণকারীদের জীবনের একই সময়ের বাস্তব ও কল্পিত ঘটনার সঙ্গে মৃত্যুসদৃশ অভিজ্ঞতার তুলনা করতে বলা হয়। আগের চেয়ে পনেরো গুণ বেশি মানুষ এবং আরও বিস্তৃত প্রশ্নপত্র নিয়ে কাজ করেও বেলজিয়ামের গবেষকদের মতোই ফলাফল পান গ্রেসনরা।
স্পেনের গুহায় আদি প্রস্তর যুগের ২৮০টি খোদাইচিত্র আবিষ্কার! ৬০ বছর পড়েই ছিল চোখের সামনে, কেউ বুঝে উঠতে পারেনি
সাম্প্রতিক গবেষণা বলছে, এই স্মৃতির গভীরতা কেবল মানুষের অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২০ সালে লিজ় বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী হেলেনা ক্যাসলের নেতৃত্বে আরও একটি গবেষণা হয়। সেখানে ২৫ জন মানুষকে তিনটি ভিন্ন ধরনের স্মৃতির কথা বলতে বলা হয়েছিল— তাঁদের মৃত্যুসদৃশ অভিজ্ঞতা, জীবনের একটি সাধারণ ঘটনা এবং একটি ‘ফ্ল্যাশবাল্ব মেমরি’। কোনও বড় বা ঐতিহাসিক ঘটনার খবর শোনার মুহূর্তের তীক্ষ্ণ স্মৃতিকেই ‘ফ্ল্যাশবাল্ব মেমরি’ বলা হয়, যেমন ৯/১১-এর জঙ্গি হামলার খবর শোনার মুহূর্ত।
গবেষকেরা অংশগ্রহণকারীদের দেওয়া বর্ণনা বিশ্লেষণ করে ঘটনা, অনুভূতি, চিন্তাভাবনা এবং আবেগের খুঁটিনাটি হিসাব করেন। দেখা যায় একই ছবি। সাধারণ বা ‘ফ্ল্যাশবাল্ব’ স্মৃতির তুলনায় মৃত্যুসদৃশ অভিজ্ঞতার স্মৃতিতে প্রায় তিন গুণ বেশি খুঁটিনাটি তথ্য রয়েছে। শুধু তা-ই নয়, অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত পরিচয় বা আত্মসত্তা গঠনেও এই স্মৃতির ভূমিকা সবচেয়ে বেশি।
এই স্মৃতি ঠিক কত দিন অটুট থাকে, তা নিয়েও গবেষণা থেমে থাকেনি। ২০২৪ সালে লিজ় বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী শার্লট মার্শালের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন আইসিইউ-তে থাকা রোগীদের উপরে নজর রাখে। তাঁদের মধ্যে ১৯ জনের মৃত্যুসদৃশ অভিজ্ঞতা হয়েছিল। এক বছর পরে ১১ জন অংশগ্রহণকারীর উপরে পুনরায় সমীক্ষা চালিয়ে দেখা যায়, তাঁদের স্মৃতির বর্ণনায় বিশেষ কোনও বদল আসেনি। সময়ের সঙ্গে এই স্মৃতি যে সহজে মুছে যায় না, এটি তারই আরও একটি জোরালো ইঙ্গিত।
কিন্তু কেন এই স্মৃতিগুলি এত দীর্ঘস্থায়ী হয় এবং মানুষের আত্মসত্তার সঙ্গে এমন অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে থাকে, তা এখনও অজানা। আমরা জানি, আবেগঘন অভিজ্ঞতা নিজের জীবনের স্মৃতিতে গভীর ছাপ ফেলে। কিন্তু মৃত্যুসদৃশ অভিজ্ঞতার অদ্ভুত বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দেয়, মস্তিষ্ক কী ভাবে স্মৃতি তৈরি ও সংরক্ষণ করে, তা নিয়ে এখনও অনেক কিছু জানার বাকি। এই রহস্যের কিনারা করতে বিজ্ঞানীরা এখন খতিয়ে দেখছেন, মানুষ যখন ওই অভিজ্ঞতার কথা মনে করেন, তখন মস্তিষ্কের ভিতরে ঠিক কী ঘটে।
চলতি বছরের প্রকাশিত একটি প্রাথমিক গবেষণায় স্পেনের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ মার্সিয়ার স্নায়ুবিজ্ঞানী হোসে আলন্সো রুইজ এবং তাঁর দল ১৫ জন মানুষের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ওই ব্যক্তিরা যখন তাঁদের মৃত্যুসদৃশ অভিজ্ঞতার কথা মনে করছিলেন, তখন ‘ফাংশনাল ম্যাগনেটিক রেজ়োন্যান্স ইমেজিং’-এর (এফএমআরআই) সাহায্যে তা দেখা হয়। এতে মস্তিষ্কের সেই অংশগুলিতে সক্রিয়তা ধরা পড়ে, যেগুলি আত্মজৈবনিক স্মৃতি এবং নিজের অস্তিত্ব সম্পর্কিত চিন্তাভাবনার (সেল্ফ-রেফারেনশিয়াল থট) সঙ্গে যুক্ত।
তবে গবেষকেরা স্পষ্ট করে দিয়েছেন, এই স্ক্যানে কেবল ‘মনে করার’ প্রক্রিয়াটিই ধরা পড়েছে, মৃত্যুর মুখোমুখি হওয়ার মুহূর্তের ছবি নয়। ফলে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মস্তিষ্কে কী ঘটে বা স্মৃতিগুলি হুবহু সত্যি কি না, তা এই ফলাফল থেকে বলা সম্ভব নয়। তবুও ক্রমবর্ধমান এই গবেষণাগুলি একটি বিষয়ের দিকেই ইঙ্গিত করছে— মানবমনের স্মৃতির জগতে মৃত্যুসদৃশ অভিজ্ঞতার এক স্বতন্ত্র স্থান রয়েছে। ঘটনা ঘটে যাওয়ার বহু বছর পরেও এই স্মৃতি যে ভাবে উজ্জ্বল, নিখুঁত এবং ব্যক্তিগত হয়ে টিকে থাকে, জীবনের সেরা জাগ্রত মুহূর্তের স্মৃতিও অনেক সময়ে তার কাছে হার মানে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন