পার্বতীপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) এর যোগদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন মাহমুদ হুসাইন রাজু। তিনি ৪০ তম বিসিএস (প্রশাসন) এর একজন চৌকস কর্মকর্তা। এর আগে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এদিকে দীর্ঘ পাঁচ মাস ধরে পার্বতীপুর উপজেলায় এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। শনিবার (২৩ আগষ্ট) তিনি এই পদে যোগদান করেন।
জানা গেছে,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলা সদরে।
নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি বলেছেন, আমি এখানেই প্রথমবারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছি। জনগণের সেবাই হবে আমার প্রথম অগ্রাধিকার। ভূমি সংক্রান্ত যে কোনো কাজ করতে গিয়ে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেটি আমি নিশ্চিত করার চেষ্টা করবো। তিনি আরও বলেছেন, ভূমি সেবা হবে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত। জনগণ যে কোনো সময় সরাসরি আমার সঙ্গে দেখা করে সমস্যার কথা বলতে পারবেন। কারও অভিযোগ বা আবেদন ফেলে রাখা হবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।