রবিবার, জুন ২১, ২০২৬

কেমন সম্পর্ক হওয়া উচিত সহকর্মীর সঙ্গে?

সোনার দেশ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন জীবনশৈলী
সোনার দেশ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
কেমন সম্পর্ক হওয়া উচিত সহকর্মীর সঙ্গে?

পরিবারের বাইরে যাদের সঙ্গে জীবনের বেশির ভাগ সময় কাটানো হয়, তারাও আরেকটা পরিবার হয়ে ওঠে। আর সেই হিসেবে প্রতিটা মানুষের কর্মক্ষেত্র হচ্ছে তার দ্বিতীয় পরিবার। যাদের ঘিরে এতটা সময় কাটে, তাদের সঙ্গে সহজ সুন্দর সম্পর্ক থাকা জরুরি। আসুন জেনে নিই সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত।

সহকর্মীদের সঙ্গে সব সময় একটা সৌজন্যমূলক আচরণ করা উচিত। সৌজন্যবোধ বজায় রাখলে সম্পর্ক সুন্দর থাকে।

একজন সহকর্মী কাজে ব্যস্ত থাকার সময় তাকে অকারণে বিরক্ত করবেন না। অপ্রয়োজনীয় কথা বলে কিংবা অন্য কোনোভাবে তার কাজে ব্যাঘাত ঘটাবেন না। এমনকি কখনো এমন কিছু করবেন না যাতে আপনার সহকর্মী আপনার ওপর বিরূপ মনোভাব পোষণ করে।

অন্য সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। কারও প্রতি অভিযোগ থাকলে আগে তার সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।

সহকর্মীদের সঙ্গে কথা বলায় সচেতন থাকুন। আচরণে নমনীয়তা বজায় রাখুন।

সহকর্মীর বিশেষ দিন, যেমন- জন্মদিন কিংবা তার যেকোনো সফলতা সবাই মিলে উদযাপন করার চেষ্টা করুন। তা হলে সে কৃতজ্ঞ থাকবে, অনুপ্রাণিত হবে।

মানুষ সামাজিক জীব। আমরা স্বভাবতই একে অন্যের ওপর নির্ভরশীল। সহকর্মীরও আপনার সহযোগিতা প্রয়োজন হতে পারে। যেকোনো প্রয়োজনে তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

মানুষ মাত্রই ভুল। মনোযোগ দিয়ে কাজ করার পরেও কোনো না কোনো ভুল হতেই পারে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ভুল হলে তা স্বীকার করে শুধরে নেওয়ার চেষ্টা করুন। কখনো নিজের ভুল অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

অন্যের ভালো কাজের কৃতিত্ব কখনো নিজে নেওয়ার চেষ্টা করবেন না। বরং যিনি ভালো কাজ করবেন, তাকে সাধুবাদ জানান। তা হলে সে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে।

কর্মক্ষেত্রে সহযোগী মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। প্রতিযোগী মনোভাব থাকার দরুন সম্পর্ক অনেক ক্ষেত্রেই নষ্ট হয়। আপনার কাজ আপনি মন দিয়ে করুন। কখনো অন্যকে টপকে যাওয়ার খেলায় মেতে উঠবেন না।

একজন সহকর্মীর কথা আরেকজনকে বলে কানভারী করা থেকে বিরত থাকুন। এতে সম্পর্ক ও ব্যক্তিত্ব উভয়ই নষ্ট হয়।

সহকর্মীদের সঙ্গে খুব বেশি ব্যক্তিগত সম্পর্ক না রাখাই শ্রেয়। এমনকি কাজের বাইরে ব্যক্তিগত জীবনের কথা যত কম শেয়ার করা যায়, ততই মঙ্গল।

কর্মক্ষেত্রে নারী-পুরুষ সব সহকর্মীর সমানভাবে দেখা উচিত। বৈষম্যমূলক আচরণ কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট করে।

একে অপরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি। যেকোনো সম্পর্কে যদি সম্মান না থাকে, সেই সম্পর্ক কখনো ভালো ফল দেয় না।

সহকর্মীদের যদি কোনো কাজে ভুল হয়, তা হলে তার ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। তাদের কোনো আচরণে যদি আপনি কষ্ট পান, তাদের বিনয়ের সঙ্গে সরাসরি বলুন।

যাচাই না করে কখনো কোনো সহকর্মীকে ভুল বুঝবেন না, কারও দিকে আঙুল তুলবেন না।

কর্মক্ষেত্রের সবাই মিলে একতাবদ্ধ থাকা উচিত। একই কর্মক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন মতবাদ বা চিন্তাধারা নিয়ে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যায় সবাই, তা কর্মক্ষেত্রের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না।