শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাবনার পাখি অভয়াশ্রমে সংরক্ষণের নির্দেশ

সোনার দেশ ২১ মে ২০২৬ ১১:১০ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২১ মে ২০২৬ ১১:১০ অপরাহ্ন
পাবনার পাখি অভয়াশ্রমে সংরক্ষণের নির্দেশ

দ্রুত নির্দেশনা বাস্তবায়িত হোক

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে প্রয়াত পাখিবন্ধু আকাশকলি দাসের গড়ে তোলা পাখির অভয়াশ্রম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থ ও জীববৈচিত্র্য রক্ষায় লইয়ার্স সোসাইটি ফর ল এর পক্ষে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে গত ১৮ মে আদালত সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়, পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ প্রদান করেন।


আদালতের আদেশ আশা-জাগানিয়া ও স্বস্তির। আদালতের এই আদেশকে স্বাগত জানিয়ে নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী, সচেতন নাগরিক ও প্রাণী অধিকার কর্মীরা।


প্রায় ছয় দশকের প্রচেষ্টায় নিজের বসতবাড়ির প্রায় ছয় বিঘা জমিতে পাখিদের যে অভয়াশ্রম গড়ে তুলেছিলেন পাবনার পাখিবন্ধু আকাশকলি দাস, তার অনুপস্থিতিতে তার কী অবস্থা হতে পারে জীবনের শেষ বেলায় এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ‘মৃত্যুর সাথে সাথে আমার লাশ বাড়ির ওপরই থাকবে, কিন্তু মাথা ফাটাফাটি রক্তে রক্তাক্ত হয়ে যাব। পাখির অভয়াশ্রম আর থাকবে না। কেউ দৌড়ে আসবে কোন গাছটা কেটে নেবে, কেউ দৌড়ে আসবে কোন গরুটা নিয়ে যাবে। এক জমিরই হয়তো ছয়খানা দলিল বের করে বলবে, এই যে আমাকে দিয়ে গেছে, এই তো আমাকে দিয়ে গেছে।’


মৃত্যুর পর আকাশকলি দাসের ভবিষ্যত বাণীই সত্য হয়। অভয়াশ্রমটি চরম সংকটে পড়ে। তাঁর মৃত্যুর কয়েক মাস পর অসিত ঘোষ, অসীম ঘোষ এবং মোহাম্মদ আলী নামে তিন ব্যক্তি পুরো অভয়াশ্রমসহ আকাশকলি দাসের সমস্ত সম্পত্তির মালিকানা দাবি করেন। তারা ধ্বংস করছেন এ অভয়ারণ্য। নির্বিচারে কাটা হচ্ছে গাছ। অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হচ্ছে অভয়াশ্রমের পাখিদের। এমন ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ আকাশকলির প্রতিবেশীরা। তারা আকুতি জানিয়েছেন প্রকৃতির জন্য নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করা আকাশকলি দাসের অভয়াশ্রম সংরক্ষণের। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়।


২০১৪ সালের জানুয়ারিতে মৎস্য অধিদপ্তরের ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি রিহ্যাবিলিটেশন প্রকল্প (ডব্লিউবিআরপি) বাড়িটিকে ‘পাখি অভয়াশ্রম’ ঘোষণা করে। এ মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ আকাশকলি দাস ২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবসে সরকারের ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন-২০২৪’, ডেইলি স্টারসহ অনেক পুরস্কারে ভূষিত হন। কিন্তু পরসম্পদ লুণ্ঠনকারিরা পরিবেশ সুরক্ষার অন্য দৃষ্টান্ত পাখিদের অভয়াশ্রম দখলের অপচেষ্টা চালিয়েছে। উচ্চ আদালতের আদেশে পরিবেশবাদিদের জন্য আপাত স্বস্তির কারণ হয়েছে। এখন আদালতের নির্দেশনা যাতে দ্রুততার সাথে বাস্তবায়িত হয় তারই অপেক্ষা রইল। আর যারা আকাশকলি দাসের সম্পত্তি দখলের প্রচেষ্টা চালিয়েছে, পাখি অভয়াশ্রমের ক্ষতি সাধন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তিও নিশ্চিত করতে হবে।