শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোলাহাটে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

সোনার দেশ ০৩ জুন ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ০৩ জুন ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
ভোলাহাটে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

মব সন্ত্রাস প্রতিরোধে কঠোর হতে হবে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনি দিয়ে এক যুবককে মেরে ফেলা হয়েছে।  সোনার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২ জুন ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফিরোজ আলী (৪০)। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হচ্ছে বলে ফিরোজকে আটক করে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে পিটিয়ে হত্যা করে।


দেশে ‘মব সন্ত্রাস’ বা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর এক পর্যালোচনা প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে মব সন্ত্রাসে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মব সন্ত্রাসের ঘটনায় মে মাসে ৩২ জন নিহত হয়েছেন। আগের মাস অর্থাৎ এপ্রিলে এ ধরনের ঘটনায় নিহতের সংখ্যা ২১। চুরি, ধর্ষণচেষ্টা ও জমি বিরোধের কারণে এসব মব সহিংসতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া মে মাসে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হয়েছে ৫৩টি।


মব সন্ত্রাস করে মানুষকে দলবদ্ধ হয়ে পিটিয়ে হত্যা করার ঘটনা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। এক শ্রেণির মানুষের মধ্যে অসহিষ্ণুতা প্রকটরূপ নিয়েছে। তারা আইনকে হাতে তুলে নিচ্ছে। মব সন্ত্রাস করা সংক্রামক ব্যাধির মত ছড়াচ্ছে। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার। এর ফলে সমাজে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে- একটা ভয়ের আবহ মানুষকে তাড়িয়ে ফিরছে। এই পরিস্থিতির দ্রুত নিরসন হওয়া বাঞ্ছনীয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রথম অগ্রাধিকার হিসেবে গন্য করা সময়ের দাবি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মব সন্ত্রাসকে কঠোর হাতে দমন করতে হবে। লাগাম টেনে ধরার এখনই সময়।