রবিবার, আগস্ট ২৩, ২০২৬

গাড়ি চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা

সোনার দেশ ২৪ জুন ২০২৬ ১১:০৮ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৪ জুন ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
গাড়ি চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অপরিহার্য

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, রাজশাহী শাখা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে রাজশাহী মহানগরীর সকল প্রকার যানবাহন চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং তার সাথে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদানের উদ্যোগ নিয়েছে। নগরীতে এই প্রথমবারের মতো এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রস্তুতি হিসেবে ২৩ জুন উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


যানবাহন চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সময়ের দাবি হিসেবেই বিষয়টি বিবেচিত হচ্ছে। সারা দেশে যে মুহূর্তে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দুর্যোগরূপ পরিগ্রহ করেছে- তখন গাড়ি চালকদের স্বাস্থ্য-সক্ষমতার বিষয়টি খুবই প্রণিধানযোগ্য হয়ে উঠেছে।  


গবেষণা বলছে, সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়িচালকদের নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা অত্যন্ত জরুরি। দুর্বল দৃষ্টিশক্তির কারণে চালকদের দুর্ঘটনার ঝুঁকি ৪৬% বৃদ্ধি পায়। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিক সংস্থার জরিপ তথ্য থেকে জানা যায়, যানবাহন চালকদের অনেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগলেও নিয়ম মেনে চিকিৎসা নেয়ার সংখ্যা খুবই নগন্য। চিকিৎসায় অনীহা নয় বরং নানা সীমাবদ্ধতা ও সংকটকে দুষছেন তারা। চালকদের মতে, ধুলাবালিতে গাড়ি চালাতে হয়, এতে নানারকম রোগবালাই লেগেই থাকে। তবে অনেক চালক-হেলপার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা জানেন না।


সংস্থাগুলো বলছে, গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন ৬০ শতাংশ চালক। জরিপে প্রাপ্ত ফলকে উদ্বেগজনক বলছেন তারা। ভিশনস্প্রিংয়ের তথ্যমতে ১ হাজার চালকের চোখ পরীক্ষা করে ৮০ ভাগেরই চোখে সমস্যা পাওয়া গেছে।


নিয়মিত চালকদের নিয়মিত দৃষ্টি পরীক্ষা এবং তাদের স্বাস্থ্য-সক্ষমতার বিষয়টি অপরিহার্য দায় হিসেবে দেখার সময় এসেছে। সড়ক নিরাপত্তার জন্য এটি গুরুত্ববহ। গাড়ি চালানোর সময় সঠিক গতি এবং অন্য গাড়ির দূরত্ব অনুমান করতে ত্রুটিহীন দৃষ্টি অপরিহার্য।


চালকদের দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কি না, তা নিশ্চিত করার জন্য তাদের ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট, কালার ভিশন টেস্ট- যাতে করে তারা লাল, সবুজ ও হলুদ রঙের সিগন্যালগুলো স্পষ্টভাবে ও নির্ভুলভাবে শনাক্ত করতে পারেন। মাথা না ঘুরিয়েও পাশের বা কোণাকোনি কোনো বস্তু বা গাড়ি আসছে কি না, তা দেখার সক্ষমতা জরুরি। বয়োবৃদ্ধ চালকদের চোখে ছানি পড়েছে কি না, তা পরীক্ষা করতে হবে।


রাজশাহী মহানগরীতে চালকদের দৃষ্টি পরীক্ষার জন্য যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে তা প্রশংসনীয় উদ্যোগ। সব চালকদের পরীক্ষার আওতায় আনা হবে সে প্রত্যাশাও রইল।