রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীর নভোথিয়েটারে দর্শক নেই

সোনার দেশ ১৪ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৪ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন
রাজশাহীর নভোথিয়েটারে দর্শক নেই

প্রচারণা কার্যক্রমের ঘাটতি দূর করতে হবে

রাজশাহীর নভোথিয়েটার দর্শক টানতে পারছে না?-এমনটিই বলা হচ্ছে। তবে এই ধারণাকে কোনোভাবেই সঠিক বলা যায় না। কেননা রাজশাহী মহানগরীতে সৃদৃষ্টি নভোথিয়েটার আছে তা নগরবাসীর অধিকাংশেরই জানা নেই। অর্থাৎ নভোথিয়েটারকে আকর্ষণযোগ্য করে তোলার জন্য যে ধরনের প্রচারণার প্রয়োজন ছিল তার কিছুই হয় নি। তিন বছর আগে হঠাৎ করেই নভোথিয়েটারটি চালু করার পর প্রচারণামূলক কোনো কার্যক্রম নেয়া হয় নি। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে নভোথিয়েটারকে তুলে ধরার কোনো কার্যক্রম ছিল না, এখনো নেই। পরিস্থিতি এমন হয়েছে, দর্শকাভাবে মাঝেমধ্যেই প্রদর্শনী বন্ধ রাখতে হচ্ছে।

নভোথিয়েটার মূলত বিনোদন মাধ্যম হলেও এর মাধ্যমে মহাকাশ ও বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজে শেখার একটি আধুনিক শিক্ষাকেন্দ্র। এটি সাধারণ মানুষকে জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবং শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা বাড়াতে অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য সরকারের নানামুখি কর্মসূচি বিদ্যমান আছে, অথচ রাজশাহীর নভোথিয়েটার অবহেলিত অবস্থায় আছে। 

সোনার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, বিপুল ব্যয়ে নির্মিত এই নভোথিয়েটার প্রতিবছর লোকসান গুনে যাচ্ছে। মাসিক আয় দিয়ে নিয়মিত পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে। বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৭ লাখ টাকা বকেয়া পড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছেন, বকেয়া বিল পরিশোধে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। 

রাজশাহী- বিভাগ পর্যায়ের মেট্রোপলিটান সিটি। রাজশাহীকে শিক্ষানগরী হিসেবে গন্য করা হয়। তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে। এছাড়াও রাজশাহীতে বিপুল সংখ্যক প্রত্ননিদর্শন রয়েছে, দেশের প্রথম ও সমৃদ্ধ জাদুঘর রয়েছেÑঅর্থাৎ রাজশাহী পর্যটনের একটি উপযোগী স্থান। সে ক্ষেত্রে রাজশাহী নভোথিয়েটারে দর্শনার্থীর অভাব হওয়ার কথা নয়। ঘাটতি যা উপলুব্ধ হচ্ছে, সঠিক প্রচারণার। রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা থেকেই দর্শনার্থী আকর্ষণ করা কঠিন কিছু নয়Ñ শুধু যথাযথ প্রচারণার উদ্যোগ নেয়া। 

নভোথিয়েটরে প্রদর্শনী ফিও অনেক বেশি বলে অভিযোগ আছে। এ অভিযোগের সত্যাসত্য যাই হোক না কেন- নির্ধারক প্রবেশ মূল্য দিয়ে ১০/১২ জনের  জন্য প্রদর্শনীর চেয়ে প্রবেশ মূল্য কমিয়ে দর্শণার্থীর সংখ্যা বাড়ালে লোকসানের পরিমাণ অনেকটাই কমবে বলে ধারণা। প্রায় ৩৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নভোথিয়েটার স্থাপনে অর্থের অভাব হয় নি- লোকবল নিয়োগের ঘাটতি খুবই দুঃখজনক। সময়ের অতিগুরুত্বপূর্ণ রাজশাহী নভোথিয়েটারকে জনপ্রিয় করে তুলতে একটি সমন্বিত উদ্যোগ দরকার। এই উদ্যোগে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে একটি বিশেষ প্রচারণা কর্মসূচি গ্রহণ করতে হবে।