শনিবার, আগস্ট ২২, ২০২৬

কয়েকটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়নি

সোনার দেশ ২৪ জুলাই ২০২৬ ১১:১৯ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৪ জুলাই ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
কয়েকটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়নি

দ্রুত তদন্ত শেষে ফল প্রকাশ করা হোক

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১২ জুলাই। কিন্তু রাজশাহীর একটি কেন্দ্রের ১২ টি বিদ্যালয়ের ২৩৭ শিক্ষার্থীর ফলাফল এখনো পাওয়া যায় নি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সোনার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং অভিভাবকগণ উদ্বিগ্ন। ফল প্রকাশের দাবিতে ২৩ জুলাই দুপুরে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। পরে তারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে রাজশাহীর ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেয়। এর আগে ১৬ জুলাই একই দাবিতে শিক্ষার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা করেছে। শিক্ষার্থী ও অভিভাবকগণ দ্রুত তদন্ত শেষ করে ফলাফল প্রকাশ এবং দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন।

১২ জুলাই প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। কিন্তু রাজশাহীর একটি কেন্দ্র, হবিগঞ্জের একটি উপজেলা এবং ঢাকার কয়েকটি বিদ্যালয়ের ফল প্রকাশ হয়নি। রাজশাহী মহানগরীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাজশাহী সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ডের ১২টি বিদ্যালয়ের মোট ২৩৭ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু প্রকাশিত ফলাফলে ওই কেন্দ্রের রোল নম্বর ১০৪৯৫২৭ থেকে ১০৪৯৭৬৪-এর মধ্যে কোনো শিক্ষার্থীরই নাম নেই। এর ফলে ফল প্রকাশ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। 

বিষয়টি খুবই স্পর্শকাতর। শিশুদের মধ্যে এর প্রভাব দীর্ঘ মেয়াদি হতে পারে। একই সাথে অভিভাবকদের মধ্যে সন্দেহ প্রবণতার সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি গুরুত্ব বিবেচনার দাবি রাখে। গঠিত তদন্ত কমিটি দ্রুততার সাথে প্রকৃত ঘটনা উন্মুক্ত করবেন। একই সাথে যে সব কেন্দ্রের ফল প্রকাশ হয় নি- তা দ্রুত প্রকাশের জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নিবেন। এবং ফল প্রকাশ না হওয়ার সাথে যে বা যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।