শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

বম্বে সুইটসের ১০ পণ্য মানহীন

সোনার দেশ ২৭ আগস্ট ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৭ আগস্ট ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
বম্বে সুইটসের ১০ পণ্য মানহীন

বাজার থেকে পণ্য প্রত্যাহার কত দিনে?

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘি’সহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এসকল পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেনো বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।


পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসকল পণ্য ক্রয় হতে বিরত থাকার জন্য ভোক্তাদের পরামর্শ দেয়া হয়েছে। তবে ঙেয ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে তার সময়সীমা বেধে দেয়া হয় নি। 


দেশে জনস্বাস্থ্য সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর সব দেশের জন্যই এটি প্রযোজ্য। এ বিষয়টি রাষ্ট্রের দায়- জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি চলমান। তারপরেও বাজারে মানহীনপণ্যের আধিক্য মোটেও কম নয়- যা উদ্বেগের কারণ বটে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাজারে উন্নত নজরদারি প্রয়োজন। যে সব দেশে উন্নত নজরদারি আছে সেখানে ভেজাল, মেয়াদোত্তীর্ণ কিংবা মানবদেহে ক্ষতিকর কোনো খাবার বা ব্যবহার্য পণ্য বাজারে দেখা যায় না। কিন্তু বাংলাদেশে পণ্যের মান যাচাইয়ের ব্যবস্থা বেশ নড়বড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণে এখনো কোনো কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠেনি। এদেশ খাদ্যপণ্যের মান বজায় রাখার ব্যাপারেও ব্যর্থ হচ্ছে। এর বিরূপ প্রভাব জনস্বাস্থ্যে পড়ছে। দেশের মানুষ অধিক হারে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। 


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।গুড়, আচার, পোলট্রি ফিড, সস, সয়াবিন তেল, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও মাত্রাতিরিক্ত বেনজয়িক অ্যাসিড, ক্রোমিয়াম, হাইড্রোজ, লিস্টোরিয়াসহ নানা উপাদানের উপস্থিতি শনাক্ত করেছে। কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরে ৪৭ ধরনের ৬ হাজার ৫০৪টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ১৭ ধরনের ১ হাজার ১০৭টি নমুনা মানবহির্ভূত বা মানহীন বলে শনাক্ত হয়। এসব খাদ্যদ্রব্যের নমুনায় ৬৮টি প্যারামিটার পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে ৩০টি মানবহির্ভূত পাওয়া যায়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বলছে, তারাও সারা বছর বাজার থেকে বিভিন্ন খাদ্যদ্রব্যের নমুনা পরীক্ষা করে। এসব নমুনায় তারা মানবহির্ভূত পাচ্ছে।


সুস্থ ও সক্ষম জনগোষ্ঠি উন্নয়ন ও অগ্রগতির মূল সোপান। মানুষের স্বাস্থ্য সক্ষমতা নিশ্চিত করা না গেলে সব উদ্যোগই ব্যর্থ হতে বাধ্য। সুস্থতার মধ্যেই সুখ ও সন্তুষ্টির ঠিকানা নিহিত আছে। সুস্থ-সবল মানুষ আত্মবিশ্বাসী হয়ে থাকে। আর মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রধান প্রতিবন্ধকতা মানহীন খাদ্য, মানহীন ওষুধ, মানহীন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। মানহীন পণ্য প্রতিরোধ করতে অবশ্যই উন্নত নজরদারি থাকতে হবে। আইনের যথার্থ প্রয়োগ ঘটাতে হবে। একই সাথে মানহীন পণ্য সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণাও গুরুত্বপূর্ণ।