শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

সোনার দেশ ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

এখনই লাগাম টেনে ধরার সময়

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ। খুন, ডাকাতি, ধর্ষণ, মব সন্ত্রাসে লাগাম পরান যাচ্ছে না। এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখান থেকে মুক্তির উপায় কী- সে প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে।  


সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে চলেছে। রাজধানীতে শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী হয়ে রাতে বাবুবাজার ও মগবাজারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে এর ফলে জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। 


রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলেও এর সঙ্গে কে বা কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।


দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও, সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম আট মাসের (জানুয়ারি-আগস্ট) তুলনায় ২০২৬ সালের একই সময়ে দেশের খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলার সংখ্যা হ্রাস পেয়েছে।


কিন্তু বর্তমান অবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? জামায়াতে নেতৃত্বে ১১ দল আন্দোলনে রাজপথে আছে। সরকারের সাথে বিরোধী দলের গুরুত্বও ক্রমশ বেড়ে চলেছে। তেমনই এক মুহূর্তে ককটেল বিস্ফোরণ  এবং যানবাহনে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। এই পরিস্থিতি যে নিদারণ অস্বস্তির, উৎকণ্ঠা-আতঙ্কের তা বলাই বাহুল্য। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় সরকারকেই খুঁজতে হবে। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল পর্যায়ে আনা যায় সেই পদক্ষেপ নেয়ার সময় এখনই।