বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গোমস্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ

গোমস্তাপুর প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন সম্পাদকীয়
গোমস্তাপুর প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন

গোমস্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর রেলস্টেশনসংলগ্ন এলাকায় আম আড়ৎদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেকার সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির সামনের কাচ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়া (শান্তিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করাকে কেন্দ্র করে আম ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দিনভরও পরিস্থিতি উত্তপ্ত ছিল।

রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের দাবি, এ সময় উভয় পক্ষের

লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


রহনপুর রেলস্টেশন বাজার আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বলেন, কেডিসিপাড়া এলাকাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ


নিয়ে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে মাদকবিরোধী কার্যক্রমের সময় তাদের কয়েকজন সদস্যের ওপর হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।


ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, কেডিসিপাড়া এলাকায় আম ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাতে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গেলে এক পক্ষ অন্য পক্ষের ওপর চড়াও হয়। পরে আহত একজনকে হাসপাতালে নেওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে গাড়ির সামনের কাচ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালেও এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ ও সরকারি গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।