নতুন বছর হোক সম্ভাবনাময়
অপার সম্ভাবনা নিয়ে শুরু হয় নতুন বছর। প্রত্যাশার নিখুঁত বুননে মানুষের হৃদয়ে গ্রথিত হয় নতুন স্বপ্ন, জীবনকে নতুন করে দেখার। মহাকালের হিসেবে বছরের পর বছর গণনা তেমন কিছুই না। কিন্তু ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে এর ব্যাপ্তি অনেক বিস্তৃত- গুরুত্ব ও তাৎপর্যতায় অপরিসীম। দৃষ্টি ও পরিকল্পনায় হাতছানি দেয় সম্ভাবনা। চলার পথে অর্জন-বর্জন বিভাজন আছে, আছে ব্যর্থতাও—এসবই জীবন সংগ্রানে পরিণতি। মানুষ বলে কথা- ব্যর্থতার পরও স্বপ্ন আবার নতুন করে হৃদ-জমিনে অঙ্কুরিত হয়, সম্ভাবনা ডালপালা গজায়—সবুজের আহ্বানে জারি থাকে জীবনের পথচলা। এটাই তো উপায়, বেঁচে থাকার উপায়- জীবন জীবনের ঘোষণা দেয় পতিনিয়ত। এর সংগ্রাম, ভালবাসা, সম্পর্ক, বন্ধুত্ব—সবই।
প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যকৃত দুর্যোগ কিংবা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় সম্ভাবনা খানিকটুকু কিংবা সম্পূর্ণটাই শেষ হয়ে যেতে পারে। এমন সময়টায় জাতিকে ভুগতে হয়। দেশকে নৈরাজ্যের মধ্য দিয়ে যেতে হয়। ২০২৬ সাল জাতির সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানাদিক থেকে এই বছর তাৎপর্যপূর্ণ। বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশ এই মুহূর্তে এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই অনিশ্চয়তা জাতির মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে। দেশের ভবিষ্যত নিয়ে একটা দুর্ভাবনা দেশের মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এর সমাধান কীভাবে? ফেব্রুয়ারির ১২ তে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই সমাধান হবে, আশাজাগানীয়া গান হবে— দেশের মানুষের কাছে তাই তো প্রত্যাশিত!
অপশক্তি দেশের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, মূল্যস্ফিতি লাগাম টেনে ধরা, আইন শৃঙ্খলার উন্নতি করা এবং অর্থনীতিকে বেগবান করা- নতুন বছরের জন্য বড় চ্যালেঞ্জ হবে। নিশ্চয় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পর এসব চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।
পনের বছর আগে ২০১১ সালের এই দিনে সোনার দেশ তার নবযাত্রা শুরু করে। আজ তার ১৫তম বার্ষিকী। নববের্ষর প্রথম দিন থেকে সোনার দেশ নিউজ পোর্টালের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হলো। যুগের চাহিদা বিবেচনায় নিউজ পোর্টালের সংস্কার সম্পন্ন হয়েছে। নিশ্চয় পাঠক ও দর্শকদের পরামর্শে dailysonardesh.com উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে।
নতুন বছরের আলোর উদ্ভাসে কেটে যাক সব দুর্ভাবনা, উদ্বেগ-উৎকণ্ঠা। খ্রিস্ট্রিয় নববর্ষে দৈনিক সোনার দেশ এর সকল পাঠক, শুভ্যানুধায়ী ও বিজ্ঞাপনদাতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।